আমিনুল ইসলাম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোলে পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং কাহারোল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে—বাজাজ ডিসকভার ১২৫ সিসি, বাজাজ ডিসকভার ১১০ সিসি, হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি ও হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাহারোল উপজেলার ফেরুসাডাঙ্গা গ্রামের হবিবুর রহমানের ছেলে মো. দুখু মিয়া (৩২), মো. এজান, মৃত তেজাম আলীর ছেলে মো. জসিম (২৮) এবং সাহাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. মাহাবুর (১৮)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
তারা বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত এবং পরবর্তীতে সেগুলো বিক্রি ও সরবরাহ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় কাহারোল থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


















