নিউজ ডেস্ক:
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রসংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রদলের একটি অংশ মেডিক্যাল কলেজের সন্ধানী মেডিসিন ক্লাবের সভাপতি নাহিদ হাসানকে আটক করে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করে। তিনি রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
এ সময় নাহিদকে রক্ষা করতে এগিয়ে আসেন কয়েকজন শিক্ষার্থী, তাদের মধ্যে ডা. রুকাইয়া তামান্নাও ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের ওপরও হামলা চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত সহকারী হোস্টেল সুপার প্রভাষক ডা. রাসেলের সামনেই হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ভুক্তভোগীদের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় এবং মোবাইল ফোন ভাঙচুর করে। পাশাপাশি ক্লাব থেকে পদত্যাগ না করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালি থানায় যোগাযোগ করা হলে কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে কলেজ হাসপাতাল ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।


















