বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের একাধিক অভিভাবক ও স্থানীয়দের পক্ষ থেকে এসব অভিযোগ উত্থাপন করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের তফসিল অনুযায়ী ভোটার তালিকা যথাসময়ে প্রকাশ করা হয়নি। এছাড়া তফসিলের বিভিন্ন ধাপ ও নিয়মাবলী সম্পর্কেও অভিভাবকদের অবহিত করা হয়নি বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এক বৈঠকে প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিতিতে তথ্য প্রকাশ না করার বিষয়টি স্বীকার করেছেন বলেও অভিযোগকারীরা দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে একটি ‘পকেট কমিটি’ গঠনের চেষ্টা করেছেন। কমিটির অধিকাংশ সদস্য অতীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, বিদ্যালয়ের প্রজেক্টর ব্যবহারের স্বচ্ছতা, স্লিপ ও অন্যান্য সরকারি বরাদ্দের অর্থ ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। বিদ্যালয়ের ওয়াশরুমের অস্বাস্থ্যকর পরিবেশ এবং সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক সরকারি বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যালয় প্রাঙ্গণে কোচিং পরিচালনা করেন। পাশাপাশি শিক্ষক প্রতিনিধি নির্বাচন এবং ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রক্রিয়ায় অন্যান্য শিক্ষকদের মতামত নেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।
আরও অভিযোগ রয়েছে, কমিটি গঠনের প্রজ্ঞাপন জারির পর এক ব্যক্তির সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে তাকে অভিভাবক সদস্য হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা অবগত ছিলেন না বলেও অভিযোগকারীরা উল্লেখ করেছেন।
এদিকে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।


















