গাইবান্ধা প্রতিনিধি:
বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্তের পর টানা তিন দিন অচলাবস্থার পর গাইবান্ধায় অবশেষে সীমিত পরিসরে তেল বিক্রি শুরু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে শহরের দুটি ফিলিং স্টেশনে এ কার্যক্রম চালু করা হয়।
জানা গেছে, বিকেলে ডিবি রোডের এসএ কাদির অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে প্রথমে তেল বিক্রি শুরু হয়। পরে রাত ৮টার দিকে বাসস্ট্যান্ড এলাকার আর রহমান ফিলিং স্টেশনেও জ্বালানি সরবরাহ চালু করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি নিতে হলে মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের বৈধ কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি দেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে।
নতুন এ বিধিনিষেধ কার্যকর হওয়ায় বিপাকে পড়েছেন অনেক চালক। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেকেই তেল পাননি। এতে বিভিন্ন স্থানে চালকদের মধ্যে ক্ষোভ ও ভোগান্তি লক্ষ্য করা গেছে।
এদিকে সুযোগ নিয়ে খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অভিযোগও উঠেছে। প্রশাসন জানিয়েছে, জ্বালানি সংকট নিরসন, সরবরাহে শৃঙ্খলা ফেরানো এবং কালোবাজারি প্রতিরোধে এসব কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে দুটি ফিলিং স্টেশনে সরবরাহ চালু হলেও জেলার সার্বিক জ্বালানি পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


















