লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় তিনজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে সাতটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া এলাকার মৃত জোয়াকুল ইসলাম জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির (২৭) এবং ছোট বাদকয়া গ্রামের ফজলুর ছেলে বাবুল (৪০)।
আহতরা হলেন—ভেল্লাবাড়িয়া এলাকার ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), সিদ্দিক আলীর ছেলে রাব্বি (২৫), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫) এবং বড়বাদকয়া গ্রামের আজিতের ছেলে মিঠুন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বালুবাহী ট্রাক (বগুড়া-ড ১১-০৯-৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি একটি বাড়ির পাকা দেয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে চারঘাট এলাকায় মনিরের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর বাবুলের মৃত্যু হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কাউসার জানান, আহতদের মধ্যে রাজিবুল ইসলাম বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাজিবুল ইসলাম জানান, তারা পেঁয়াজ তোলার কাজে অটোরিকশাযোগে ফরিদপুর এলাকায় যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণহীন ট্রাকটি তাদের অটোরিকশাকে চাপা দেয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।















