আমিনুল ইসলাম,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে ২০২৬) কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ করেন।
এ সময় উপকারভোগীদের মাঝে গবাদিপশু পালনে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকারের এ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ধারাবাহিক সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অফিস সূত্রে জানা যায়, উপজেলায় গরু পালনকারী মোট ৩৯ জন সুফলভোগী প্রত্যেকে ৭৯ দশমিক ৬ কেজি গরুর খাদ্য এবং ছাগল পালনকারী মোট ৯১ জন সুফলভোগী প্রত্যেকে ২৫ কেজি করে ছাগলের খাদ্য পাবেন।


















