আমিনুল ইসলাম,কাহারোল, (দিনাজপুর) প্রতিনিধি :
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় কাহারোল উপজেলা চত্বরে দিবসটি পালিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সহযোগিতা করে পল্লীশ্রী, ইএসডিও বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশন।
দিবসটি উপলক্ষে প্রথমে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। এরপর উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মিম। তিনি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম.কে. জিন্নাত আলী, উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিসুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. সারওয়ার মোর্শেদ, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার লাভলী লাকি বিশ্বাসসহ ফায়ার সার্ভিস, ইএসডিও, ওয়ার্ল্ড ভিশন ও পল্লীশ্রীর কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।


















