কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার বেগুণগ্রামে আব্দুল আজিজ (৩৮) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় গ্রামবাসী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ থাকায় ক্ষুব্ধ গ্রামবাসী তাকে হাতে-নাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে নগদ ৮৬ হাজার টাকা, ৫টি চাকু, এক জোড়া স্বর্ণের চুড়ি এবং ইয়াবা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। সম্প্রতি এলাকায় ইয়াবা সেবনের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসীর মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়।
এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মতে, মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

















