এইচ এম জামিরুল ইসলাম,(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মমিনুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে পৌর এলাকার মহিপুর হাসপাতাল গেট সংলগ্ন নিজ বাড়িতে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন বলে অভিযোগ উঠেছে।
নিহত মমিনুল পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গণেশপুর গ্রামের মৃত একরাব হক প্রামানিকের ছেলে। স্থানীয়দের ধারণা, ক্যাসিনো জুয়ার আসক্তির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।
পরিবারের সদস্যরা জানান, ব্যবসার কাজে ঢাকায় অবস্থানকালে মমিনুল ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তিনি আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েন। মঙ্গলবার দুপুরে তিনি বিষাক্ত বড়ি সেবন করলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


















