মো. আলি উল্লাহ(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
ঈদ মানেই উৎসব, আনন্দ আর নতুন পোশাকে নিজেকে রাঙিয়ে তোলার প্রস্তুতি। সেই আনন্দকে ঘিরেই সিরাজগঞ্জের বাজারগুলোতে বইছে ঈদের কেনাকাটার জোয়ার। রোজার ঈদ সামনে রেখে শহরের বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, এসএস রোড, নিউ পৌর সুপার মার্কেটসহ শহরের বিভিন্ন বিপণিবিতানে সকাল থেকেই ক্রেতাদের ভিড়। পছন্দের পোশাক কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটছেন সব বয়সী মানুষ।
এবছর ঈদ উপলক্ষে নারীদের পোশাকে সালোয়ার-কামিজ ও থ্রি পিসের পাশাপাশি লেহেঙ্গা ও গারারার চাহিদা তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারে লেহেঙ্গা ও গারারা প্রতি পিস ২ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
শিশুদের ঈদ পোশাকের চাহিদাও চোখে পড়ার মতো। বিভিন্ন দোকানে শিশুদের ড্রেস ১ হাজার টাকা থেকে শুরু করে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। ক্রেতা আসলাম হোসেন জানান, “ঈদে বাচ্চাদের জন্য ভালো পোশাক নেওয়ার চেষ্টা করছি, দাম একটু বেশি হলেও পছন্দের ড্রেস পাওয়া যাচ্ছে।”
এদিকে রেমন্ড, মুক্তা প্লাজা, সরকার প্লাজা, সিদ্দিক প্লাজা, মোস্তফা প্লাজা, মেলা , উৎসব ও নিউ মার্কেটসহ Apex .lotto. Bata শহরের ছোট-বড় সব মার্কেটেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ব্যবসায়ীরা আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, কেনাকাটার এই আমেজ আরও বাড়বে এবং শেষ মুহূর্তে বিক্রি আরও বৃদ্ধি পাবে।


















