আমিনুল ইসলাম,কাহারোল (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকায় অবস্থিত আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঝটিকা অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরিচালিত ধারাবাহিক তদারকি কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২২ জুন) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইশতিয়াক আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোজাহিদুল ইসলাম।
অভিযানকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা কর্তৃক নির্ধারিত বিভিন্ন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং নানা ধরনের অনিয়ম ও অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসব অনিয়মের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এক মাসের মধ্যে সকল অসঙ্গতি দূর করার নির্দেশ দেন। পাশাপাশি নির্ধারিত সময় শেষে পুনরায় সরেজমিনে তদারকি করা হবে এবং সন্তোষজনক উন্নতি না হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. সামিউল ইসলামসহ স্থানীয় থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণকে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


















