ক্যাম্পাস প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. ইব্রাহিম, বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা মো. রাশেদুন নবী বাবু, দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি মো.সোহানুর রহমান সুমনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


















