মোঃ আলি উল্লাহ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরজুড়ে বর্ণিল আলোকসজ্জায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহরের বাজার স্টেশন, নিউ মার্কেট, মুজিব সড়ক, এস এস রোডসহ বিভিন্ন শপিংমল ও মার্কেটে ঝলমলে আলোয় সেজেছে চারপাশ, যা শহরবাসীর মনে এনে দিয়েছে ঈদের আগমনী বার্তা।
ঈদের কেনাকাটা শেষে অনেকেই পরিবার-পরিজন নিয়ে এই আলোকসজ্জা উপভোগ করতে বের হচ্ছেন। শিশুদের আনন্দ আর বড়দের উৎসবের উচ্ছ্বাসে প্রতিদিন সন্ধ্যার পর জমে উঠছে শহরের বিভিন্ন এলাকা।
ক্রেতা স্মৃতি আক্তার বলেন, “শহরের এমন সাজগোজ দেখে মনে হচ্ছে সত্যিই ঈদ চলে এসেছে। বাচ্চাদের নিয়ে এই আলোকসজ্জা দেখতে খুব ভালো লাগছে।”
জাহিদুল ইসলাম জানান, “সময়ের সাথে সাথে সিরাজগঞ্জের পরিবর্তন চোখে পড়ছে। আগে কিছু কিছু মার্কেটে আলোকসজ্জা থাকলেও এবার প্রায় সব মার্কেটেই দৃষ্টিনন্দন সাজ দেখা যাচ্ছে। এতে ঈদের আনন্দ আরও বেড়ে গেছে।”
অন্যদিকে, হাট পাঙ্গাসি থেকে আসা কিশোর হুমায়ুন জানায়, “ইফতার শেষে বন্ধুদের সঙ্গে ঈদ মার্কেটের আলোকসজ্জা দেখতে এসেছি। খুব ভালো লাগছে। তবে রিকশা ও অটোর জ্যাম না থাকলে আরও ভালো হতো। ভিড়ের কারণে ছবি তোলাও কঠিন হয়ে যাচ্ছে।”
সব মিলিয়ে, সিরাজগঞ্জের এই বর্ণিল আলোকসজ্জা শুধু শহরবাসীকেই নয়, দূর-দূরান্ত থেকে আসা মানুষদের মাঝেও ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে তুলেছে। শহরজুড়ে এখন একটাই অনুভূতি—ঈদ এসে গেছে দরজায়।


















