ইসমাইল ইসলাম শাকিল,স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাতে জড়ানো যাবে না।
সোমবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, কারও যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে, তবে তা নিজ উদ্যোগে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতেই প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না বলে তিনি কঠোরভাবে সতর্ক করেন।
হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং সামনে আরও নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এ অবস্থায় দলীয়
নেতাকর্মীদের আরও বেশি শৃঙ্খলাবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক কর্মসূচি পালনের ধরন ও সুযোগ ভিন্ন ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তিত হয়েছে। তাই নতুন বাস্তবতা বিবেচনায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।


















