বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহাসিন আলী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি জানান, রমজান মাস শেষে মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। কোনোভাবেই মাদক কারবার চালাতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এলাকায় চাঁদাবাজি ও টেন্ডারবাজির কোনো সুযোগ রাখা হবে না। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং খুব শিগগিরই গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নকাজ শুরু হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল বলেন, জনগণের পাশে থেকে দলকে আরও গতিশীল করা হবে। সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু সংগঠনের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সহ-সভাপতি মোহাম্মদ নবী ওয়াট ও সদস্য সুবাস দাসও বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


















