বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ আসনের এমপি পদপ্রার্থী জননেতা মতিউর রহমান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা মতিউর রহমান বলেন, “দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যুবসমাজ।
বীরগঞ্জের যুবকদের জন্য কর্মসংস্থানের বাস্তব ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে, যেন তারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায়।” তিনি আরও বলেন, “বীরগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি আধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, যাতে মা ও শিশুরা মানসম্মত চিকিৎসাসেবা পায় এবং দূরে যেতে না হয়।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর-১ আসনের পরিচালক আলহাজ্ব রবিউল ইসলাম, দিনাজপুর জেলা মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, বীরগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কর্মপরিষদ সদস্য ও আদর্শ শিক্ষক ফেডারেশনের বীরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা লুতফর মাস্টার, বীরগঞ্জ উপজেলা শাখার এনসিপির ৩ নং যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়সহ অন্যান্য থানা ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইউনিয়ন আমির মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় নেতৃবৃন্দ ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীকে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।


















