বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখার উদ্যোগে সিরাতুন নবী (সা.) ও গণসংযোগ বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টায় বীরগঞ্জ পৌর জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি, বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা মো. রাশেদুন নবী বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. গোলাম নুর, পৌর যুব বিভাগের সভাপতি মো. শাহিন ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার সভাপতি মো. রবিউল ইসলাম,সহ সভাপতি সার্জেন্ট (অবঃ) মো. রেজাউল করিম রেজা,সেক্রেটারি মো. সাইদুর ইসলাম, পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ড ইমারত আমির ক্বারী নাজিবুর রহমান নাজিব, সেক্রেটারি মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদুন নবী বাবু মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্য, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতার শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক দিকনির্দেশনা দিয়ে বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে নিয়মিত অধ্যয়ন, আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দিতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে।
গণসংযোগের মাধ্যমে মানুষের কথা শুনতে হবে, তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে হবে এবং সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শৃঙ্খলা, পরামর্শ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ওয়ার্ড পর্যায় থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে ইসলামের সুমহান আদর্শ ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরতে হবে।
সভাপতির বক্তব্যে পৌর জামায়াতের আমির মুহা. মোসাদ্দেক হোসাইন বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে।
তিনি সাংগঠনিক দিকনির্দেশনায় বলেন, প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নিয়মিত সাংগঠনিক বৈঠক, কর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ, মানুষের কাছে সংগঠনের আদর্শ ও কার্যক্রম তুলে ধরা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
পাশাপাশি নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ, সংগঠনের সফলতা এবং সকলের নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


















