আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম।
এ সময় ৪০ জন প্রাথমিক শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, ২৪ জন মাধ্যমিক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা এবং ১৬ জন কলেজ শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এছাড়া ১২ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ৮ জন উপকারভোগীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


















