ইসমাইল ইসলাম শাকিল, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি প্রি-ক্যাডেট স্কুলের ভেতরে গড়ে ওঠা অবৈধ সেমাই ও সয়াবিন তেল কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রাণীগঞ্জ পাঁচমাথা মোড় এলাকার আল-হেরা ইসলামি প্রি-ক্যাডেট স্কুলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শিক্ষাদানের আড়ালে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য তৈরির প্রমাণ পাওয়ায় কারখানাটি সিলগালা করা হয় এবং এর মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল-আল-মামুন কাউসার শেখের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। এছাড়া দেশের বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের লোগো ও মোড়ক ব্যবহার করে ভেজাল সয়াবিন তেল বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ সেমাই, কয়েক হাজার নকল খালি প্যাকেট, তেলের বোতল এবং দুই ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযান শেষে কারখানার মালিক ও সংশ্লিষ্ট স্কুলের পরিচালক মোজাম্মেল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটি সিলগালা করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানের সময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সয়াবিন তেল ও খালি বোতলগুলো নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হয়েছে। তবে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় জব্দকৃত সেমাই ও নকল প্যাকেটগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের এমন তৎপরতা বন্ধে প্রশাসনের কবাঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


















