দিনাজপুর জেলা প্রতিনিধি:
রাজনৈতিক প্রভাবমুক্ত, শ্রমিকবান্ধব ও শক্তিশালী ট্রেড ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানিয়ে দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে দিনাজপুর শিশু একাডেমি জেলা কার্যালয়ের হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন উপজেলা ও শিল্পখাতের শতাধিক ট্রেড ইউনিয়ন প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, অর্থনীতির অগ্রযাত্রা এবং জাতীয় সংকটে শ্রমিক শ্রেণি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের ন্যায্য অধিকার আজও পুরোপুরি নিশ্চিত হয়নি।
তিনি বলেন, একটি কার্যকর ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে এসে শ্রমিককেন্দ্রিক সংগঠন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকদের সংগঠিত করা, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নিশ্চিত করা এবং শ্রম আইনের কঠোর বাস্তবায়ন জরুরি।
তিনি আরও বলেন, “শ্রমিকের ভাগ্য পরিবর্তন কোনো সরকারের দয়ার দান নয়, এটি তাদের আইনি ও মানবিক অধিকার।” শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. জিয়াউল হক, রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক আবুল হাসেম বাদল এবং জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সাধারণ উপদেষ্টা সাইদুর ইসলাম সৈকত,দিনাজপুর জেলার সহ-সভাপতি ,ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জননেতা মো.রাশেদুন নবী বাবু, দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি তৈয়ব আলী, শহর শাখার উপদেষ্টা সিরাজুস সালেহীন, সদর শাখার উপদেষ্টা মেহরাব আলী, সহ-সভাপতি রমজান আলী, রাশেদুন নবী ও আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক এস. এম. হাদিউজ্জামান, চিরিরবন্দর উপজেলা সভাপতি আফসার আলী, বিরামপুর উপজেলা সভাপতি মোসলেম উদ্দিন, বিরল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা সভাপতি হামিদুল ইসলাম, শহর শাখার সভাপতি রাশেদুল ইসলাম রিপনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করা এবং শ্রমিকবান্ধব কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।


















