আমিনুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ণভবা নদী এলাকায় দেশীয় মাছ ও অন্যান্য জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেশীয় মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার্থে অবৈধভাবে চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধে কঠোর তৎপরতা চালানো হয়।
অভিযানকালে প্রায় ১৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং ১২টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জোবায়দা নাজনীনের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল (অতি সূক্ষ্ম ফাঁসের জাল) ব্যবহার করে মাছ ধরা আইনত নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে মাছের রেণু, পোনা ও প্রজননক্ষম মাছ নির্বিচারে ধরা পড়ে, ফলে দেশীয় মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। পাশাপাশি নদী, খাল, বিল ও অন্যান্য জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ে।
তারা আরও জানান, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলজ সম্পদ টিকিয়ে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থেকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


















