আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোলে চেতনানাশক দ্রব্য প্রয়োগ করে এক নারীর স্বর্ণালংকার চুরির ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছেন।
গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১৩ মাইল গড়েয়া-ভাতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অলিউর রহমানের মা।
অভিযোগ অনুযায়ী, ওই নারীকে চেতনানাশক দ্রব্য প্রয়োগ করে অচেতন করার পর তাঁর কানের এক জোড়া স্বর্ণের দুল ও হাতের এক জোড়া স্বর্ণের বালা খুলে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাছিনুর রহমান (৫৫), মো. আব্দুর রহমান (৪৬) ও এস কে করিম খোকন (৫১)। তাঁদের মধ্যে হাছিনুর রহমানের বাড়ি দিনাজপুরে, আব্দুর রহমানের রংপুরের পীরগাছায় এবং করিম খোকনের গাজীপুরের শ্রীপুরে।
এ ঘটনায় মো. সিরাজুল ইসলাম (৫০) নামে আরও একজন পলাতক রয়েছেন। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার মনিরামপুর এলাকায়।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
















