মোঃ বেলাল হোসেন,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে আব্দুর রহিম হাওলাদার (৩৮) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনশী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আঃ মন্নাফ হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে বাড়িতে ফিরে রহিম তাঁর স্ত্রীর কাছে মাছ ধরার জালের সুতা চান। কিছুক্ষণ পর তিনি ঘুমাবেন বলে পরিবারের সদস্যদের ঘর থেকে বের হয়ে যেতে বলেন। পরে ঘরের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। দরজা না খোলায় তাঁরা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করেন। একপর্যায়ে ঘরের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বাড়িতে চিকিৎসক ডেকে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম মাছ ধরা ও ডাঁপ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার আগে তিনি স্থানীয় একটি দোকানে চা পান করে বাড়িতে যান। কিছুক্ষণ পর বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে লোকজন ছুটে এসে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন।
স্থানীয়দের দাবি, রহিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর প্রায়ই বিরোধ হতো বলে তাঁরা জানান। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

















