কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোল উপজেলায় চলতি বোরো মৌসুমের সরকারি ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। তিনি বলেন, কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
কৃষকদের স্বার্থ রক্ষায় ধান-চাল সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি মোকলেদা খাতুন মীম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ রানা এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুলনবী।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, বীরগঞ্জ উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ হুসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওলিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুলনবী জানান, চলতি বোরো মৌসুমে কাহারোল উপজেলায় সরকারি খাদ্য গুদামে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ৩৯০ মেট্রিক টন এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ৭১৫ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।
তিনি আরও জানান, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


















