মোঃ আলি উল্লাহ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দেশের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সাহসী উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের তিন তরুণ—রায়হান, তারেক ও শুভ্র। “সিরাজগঞ্জ সাইক্লিস্ট” এর ব্যানারে তারা শুরু করেছেন ব্যতিক্রমধর্মী একটি সাইক্লিং অভিযান, যার নাম “তেঁতুলিয়া টু টেকনাফ” রাইড।
এই অভিযানের মূল লক্ষ্য শুধুমাত্র ভ্রমণ নয়; বরং পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করা। তারা দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে চান।
বিশেষ করে গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্ব তুলে ধরাই তাদের অন্যতম উদ্দেশ্য।
“পরিবেশ রক্ষা করি, গাছ লাগিয়ে দেশ গড়ি,
আসুন বেশি বেশি গাছ লাগাই ও পরিচর্যা করি” এই স্লোগান নিয়ে বের হয়েছে তারা ।
অভিযানটি দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে শুরু হয়ে দক্ষিণের সর্বশেষ প্রান্ত কক্সবাজারের টেকনাফ পর্যন্ত বিস্তৃত।
দীর্ঘ এই যাত্রাপথে তারা বিভিন্ন জেলা অতিক্রম করবেন এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
তিন তরুণের এই উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাদের সাহস, দৃঢ়তা ও ইতিবাচক বার্তা তরুণ প্রজন্মকে নতুনভাবে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।
সিরাজগঞ্জ সাইক্লিস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন, যাতে সফলভাবে এই দীর্ঘ যাত্রা সম্পন্ন করতে পারেন।


















