মোঃ আলি উল্লাহ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে এবং ইট ও পিচ উঠে গিয়ে রাস্তা এখন প্রায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের অনেক অংশের মাটি পুরোপুরি বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও রাস্তার মাঝ বরাবর ফাটল সৃষ্টি হয়েছে। বড় বড় গর্তের কারণে রিকশা, ভ্যান ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহন চলাচলেও মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের দুর্ভোগের শেষ থাকে না।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


















