বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় বীরগঞ্জ জামায়াত অফিসে বীরগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি ও বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রাশেদুন নবী বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২১ ফেব্রুয়ারি আমাদের গৌরব ও আত্মত্যাগের দিন। ভাষা শহীদদের স্মরণ করে আমরা ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার করি এবং সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা সকলে। রমজানের শিক্ষা আমাদের সংযম ও দায়িত্ববোধ জাগ্রত করে। সেই চেতনা নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর শাখার আমির ও সাবেক ছাত্রনেতা মুহা. মোসাদ্দেক হোসাইন। এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।


















