ইসমাইল ইসলাম শাকিল,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য শুরু হচ্ছে এক রোমাঞ্চকর মহাজাগতিক সপ্তাহ, যেখানে সপ্তাহজুড়ে দেখা যাবে উল্কাপাতসহ নানা জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য।
শুক্রবার (১৭ এপ্রিল) থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাতের আকাশে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
RTV ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সময়ের প্রধান আকর্ষণ হলো বিখ্যাত লাইরিড উল্কাপাত। পৃথিবী থ্যাচার ধূমকেতুর ধূলিকণার ভেতর দিয়ে অতিক্রম করার সময়ই এই উল্কাবৃষ্টি দেখা যায়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদিও উল্কাপাত ২৫ এপ্রিল পর্যন্ত চলবে, তবে সবচেয়ে বেশি তীব্রতা দেখা যাবে ২২ এপ্রিল দিবাগত রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত।
আকাশ মেঘমুক্ত থাকলে প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ২০টি উজ্জ্বল উল্কা দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া গ্রহদের অবস্থানেও পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিম আকাশে শুক্র গ্রহ ধীরে ধীরে মিলিয়ে যাবে, অন্যদিকে সন্ধ্যার আকাশে মঙ্গল গ্রহ লালচে আভা নিয়ে দৃশ্যমান থাকবে।
ভোরের আকাশে শনি গ্রহ দেখা যাবে এবং নেপচুনও অবস্থান করবে কাছাকাছি, তবে তা দেখতে শক্তিশালী টেলিস্কোপ প্রয়োজন হবে।















