আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (আনুমানিক ৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ওরিয়ন ফার্মা লিমিটেডের দিনাজপুর এরিয়ার কর্মরত কর্মকর্তা (এমপিও) বলে জানা গেছে। তাঁর বাড়ি নওগাঁ জেলার ধামরই হাট উপজেলায়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দশমাইল আস্থা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সৈয়দপুরের দিক থেকে মোটরসাইকেলযোগে দশমাইল এলাকায় আসছিলেন ওমর ফারুক। এ সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আস্থা ক্লিনিকের পরিচালক মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার সময় রাস্তার পাশে পানির ট্যাংকবোঝাই একটি ট্রাক পার্কিং করা ছিল। এতে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মোটরসাইকেল আরোহীর দৃষ্টির আড়ালে পড়ে থাকতে পারে। পরে হঠাৎ মোড় নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।


















