মো:রবিউল ইসলাম, শীতলাই ক্যাম্পাস(বীরগঞ্জ) প্রতিনিধি:
শীতলাই আলিম মাদ্রাসার ২০২৫ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেছেন মাদ্রাসার জনপ্রিয় ও দক্ষ শিক্ষক মোঃ ফিরোজুল ইসলাম (সোহাগ)। শিক্ষাক্ষেত্রে তার নিষ্ঠা, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, মোঃ ফিরোজুল ইসলাম (সোহাগ) দীর্ঘদিন ধরে সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে শিক্ষাদান করে আসছেন। তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মোঃ ফিরোজুল ইসলাম (সোহাগ) বলেন,এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।
তার এ সাফল্যে শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।


















