স্টাফ রিপোর্টার, রংপুর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকলে আগামী দিনে ইসলামের চূড়ান্ত বিজয় সুনিশ্চিত হবে।
সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বিশিষ্টজনদের সম্মানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইতিহাসে রমজান মাস ইসলামের জন্য বিজয়ের মাস। ঐতিহাসিক বদর যুদ্ধে ৩১৩ জন সাহাবির ত্যাগ ও রক্তের বিনিময়ে ইসলামের প্রথম বিজয় অর্জিত হয়েছিল। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
মাওলানা মমতাজ উদ্দিন আরও বলেন, আমরা রমজানের আগ মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি এবং আমাদের আংশিক বিজয় হয়েছে। এই বিজয়ের ধারাবাহিকতায় ভবিষ্যতেও ইসলামের বিজয় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে হবে এবং যেকোনো মূল্যে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। আমরা যে বিজয়ের পথে এগিয়ে চলেছি, সেই দিন খুব বেশি দূরে নয়। ১১ দলীয় জোটের উদ্যোগে ইনশাআল্লাহ ইসলামের চূড়ান্ত বিজয় প্রতিষ্ঠিত হবে।
রংপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, রংপুরের ছয়টি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদেরকে সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রংপুরকে একটি আদর্শ নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রংপুর মহানগর জামায়াতের আমির মাওলানা এটিএম আযম খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
অনুষ্ঠানে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।


















