মোঃবেলাল হোসেন,বাকেরগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ ভূমি মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ভূমি সেবা ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পাচ্ছে। এতে ভূমি সংক্রান্ত জটিলতা কমার পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
মেলায় ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ডিজিটাল কার্যক্রম সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এছাড়া আগত সেবাগ্রহীতাদের ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও অনলাইন সেবা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।


















