সামিয়া সুলতানা সাবনম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন করা হয়েছে।
মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও নানা সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ‘গাহি সাম্যের গান’ মঞ্চের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোলের তালে তালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত।
শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যের প্রতীক হিসেবে বিভিন্ন মুখোশ, পাখির শিল্পকাঠামো ও ঘোড়ার গাড়ি স্থান পায়। ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এবং এটি আমাদের ঐতিহ্যকে ধারণ ও লালন করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন) এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ।
সাংস্কৃতিক পর্বে লাঠিখেলা, ধুয়া গান, বাউল সংগীত, আবৃত্তি ও রম্য বিতর্ক পরিবেশিত হয়। দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ড. মো. কামাল উদ্দীন এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মনোজ কুমার প্রামাণিকের পরিবেশনায় ‘গম্ভীরা’।
এর আগে সোমবার চৈত্রসংক্রান্তি উপলক্ষে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে প্রায় ৪০টি স্টল বসে। বিকেলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব।
উল্লেখ্য, পহেলা বৈশাখ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী ও সদস্য-সচিব অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে সার্বিক আয়োজন সম্পন্ন হয়। দিনব্যাপী এ উৎসবে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো ক্যাম্পাস।


















