আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে অবস্থিত ঐতিহাসিক শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে কান্তনগরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলী, টেরাকোটার কারুকাজ ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। পরে তিনি একই উপজেলার নয়াবাদ এলাকায় অবস্থিত ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোখলেদা আক্তার, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মোঃ মনিরুজ্জামান, কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ সহ অন্যান্য।
এ সময় রাষ্ট্রদূত কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদের ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্য সম্পর্কে বিভিন্ন তথ্য অবহিত হন।
ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শনের মধ্য দিয়ে তিনি দিনাজপুরের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।


















