মোঃ বেলাল হোসেন,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ এম. এ মালেক ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ও আসন্ন পরীক্ষা উপলক্ষে এক বিশেষ ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) কলেজ মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে শিক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
এম. এ মালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামীম আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, পরীক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামীম আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এইচএসসি পরীক্ষা জীবন গড়ার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।
আত্মবিশ্বাস ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।” তিনি পরীক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন।
এছাড়াও অভিভাবকদের প্রতি সন্তানদের পড়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষকরা বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল এবং পরীক্ষার হলের নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত অভিভাবকরা কলেজের শিক্ষা কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
সমাবেশে বক্তারা আসন্ন এইচএসসি পরীক্ষায় কলেজের সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ সমাপ্ত হয়।


















