আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির থেকে যুগল বিগ্রহ নিয়ে ফেরার পথে নৌকাডুবিতে স্বাক্ষর কুন্ডু টয়ের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ।
এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট এজেন্টের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যুগল বিগ্রহ ও ভক্তদের যাতায়াতের জন্য ব্যবহৃত নৌযানগুলো প্রয়োজনের তুলনায় ছোট ও অনুপযুক্ত ছিল। পর্যাপ্ত লাইফ জ্যাকেট, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাও ছিল না বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, নৌযান নির্বাচন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দায়িত্বহীনতার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে মন্দির পরিচালনার বিরুদ্ধে ভক্তদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রসাদ বিতরণ ও শৌচাগার ব্যবহারে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগেরও তদন্ত দাবি করেন তারা।
মানববন্ধন থেকে মন্দির পরিচালনা কমিটির সব সদস্য ও সংশ্লিষ্ট এজেন্টকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় বাংলাদেশ পূজা ট্রাস্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু মহাজোট কাহারোল উপজেলা শাখার সভাপতি যোগেশচন্দ্র রায়, শ্রীশ্রী কান্তজীউ হরিসভা কমিটির সভাপতি ভূপেন চন্দ্র রায়সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা স্বাক্ষর কুন্ডু টয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং কান্তজীউ মন্দিরে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


















