আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) বেলা আনুমানিক ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এমপি।
এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম, বিশেষজ্ঞ চিকিৎসক সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. মামুন অর রশীদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোজাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. ওয়াজেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত রায়, উপজেলা অ্যাকাউন্টস অফিসার শিল্পী রাণী রায়, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় উপজেলা স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়ন, দীর্ঘদিন ধরে অচল থাকা চিকিৎসা সরঞ্জাম দ্রুত সচল করা, রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।


















