তারিকুল ইসলাম তাজ,কারমাইকেল কলেজ রংপুর, ক্যাম্পাস প্রতিনিধিঃ
বাংলাদেশ এখন শুধু ক্রিকেট বা ফুটবলেই নয়, ভার্চুয়াল মাঠেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে। ই-ফুটবল কনসোল গেমিংয়ের আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন দেশের দুই তরুণ প্রতিভা—মহিউদ্দীন মহি ও ফাহমিদুল ফুয়াদ।
সম্প্রতি অনুষ্ঠিত FIFAe World Cup 2026-এর ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে তারা দেশকে এনে দিয়েছেন গৌরবময় স্বীকৃতি। বিশেষ করে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শিক্ষার্থী মহিউদ্দীনের এই অর্জন স্থানীয়ভাবেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এশিয়া ইস্ট ও ওশেনিয়া অঞ্চলের রিজিওনাল বাছাইপর্বের প্রথম সপ্তাহে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল। শক্তিশালী প্রতিপক্ষ ভিয়েতনাম ও মালয়েশিয়ার বিপক্ষে লড়াই করে একটি ম্যাচেও পরাজিত না হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় মহি-ফুয়াদ জুটি।
এই সাফল্যের ফলে আন্তর্জাতিক ই-ফুটবল অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।
বর্তমানে এশিয়া ইস্ট ও ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের অবস্থান সপ্তম, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ইঙ্গিত বহন করছে।
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে একই অঞ্চলের পরবর্তী ধাপের লড়াইয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ দল।
সেখানে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ই-ফুটবলের এই অর্জন দেশের তরুণ গেমারদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠছে। প্রযুক্তিনির্ভর এই খেলাধুলায় বাংলাদেশের সম্ভাবনা যে দিন দিন বাড়ছে, মহিউদ্দীন ও ফুয়াদের সাফল্য তারই উজ্জ্বল প্রমাণ।


















