বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার মাধবঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার মেশিন আটক করেছে ভ্রাম্যমান আদালত।
১৫ এপ্রিল (বুধবার) বিকেলে অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন।
এ সময় খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনের নির্দেশে স্থাপিত সুলতানের মেশিন ম্যানেজার সায়েমের দ্বারা চালিত ড্রেজারটি জব্দ করা হয়।
জব্দের সময় পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য জনতা উপস্থিত ছিলেন।
পরে ড্রেজারটি ইউপি সদস্য সোহেল রানার জিম্মায় রাখা হয়।
অভিযানে সার্ভেয়ার আবুল কাশেম, পুলিশ কর্মকর্তাগন ও বীরগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন ও ড্রেজার পরিচালনার অভিযোগে পাল্টাপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান কে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


















