খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বিন্দার বাজার (টুপার বাজার) এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে খাদ্যসামগ্রী, বস্ত্র ও নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়ার উদ্যোগে খানসামা উপজেলা প্রশাসন ও বিএনপির যৌথ আয়োজনে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
রোববার বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন হুইপ আখতারুজ্জামান মিয়া। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ বুলবুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে টুপার বাজারের একাধিক দোকান পুড়ে যায়। এতে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।


















