কাশেম বিন আবু জুবায়ের,(নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে সেবারহাট পূর্ব বাজারে ফলের আড়তের সামনে অভিযান চালিয়ে ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনবাগ থানাধীন ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট বাজার এলাকায় নাছির উদ্দিনের ফলের আড়তের সামনে মহাসড়কের ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আমির হোসেন (৪২), পিতা: মৃত জাহাঙ্গীর কবির, গ্রাম: উত্তর গণিপুর (ছাদু মিয়ার বাড়ি), ডাকঘর: রাজাপুর, থানা: দাগনভূঁঞা, জেলা: ফেনী এবং মো. হারুন ভূঁঞা (৪০), পিতা: মো. রফিক, গ্রাম: জয়নারায়নপুর (দপাদার বাড়ি), ডাকঘর: রাজাপুর, থানা: দাগনভূঁঞা, জেলা: ফেনী।
আটকের সময় তাদের কাছ থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ৮ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৮৫০ গ্রাম), ঢাকা মেট্রো-গ-২৬-৬০৫৬ নম্বরের একটি কালো টয়োটা প্রাইভেট কার, নগদ ৬৭ হাজার ৯০০ টাকা, তিনটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় সেনবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















