বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সমাজ সংস্কার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিসীম এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ইমাম, মুয়াজ্জিন ও আলেম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের উদ্যোগে মহানপুর ইউনিয়ন অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ মতিউর রহমান।
তিনি বলেন, আলেম সমাজ হলো সমাজের নৈতিক দিশারি। তারা দায়িত্বশীল ভূমিকা পালন করলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও অনৈতিকতা দূর হয়ে একটি আদর্শ সমাজ গড়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় উদ্বেগজনক। এ অবস্থা থেকে উত্তরণে ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে তাদের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ হামিদুর রহমান এবং উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের সেক্রেটারি মোঃ শামীম ইসলাম।
সমাবেশে বক্তারা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সমাজ সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আলেম সমাজের দায়িত্ব ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।


















