কাশেম বিন আবু জুবায়ের,(নোয়াখালী) প্রতিনিধি:
সরকারি ঘোষণার পর সারা দেশে মসজিদভিত্তিক ইমাম ও মুয়াজ্জিমদের অন্তর্ভুক্তির কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাতেও কাজ শুরু হয়েছে। তবে এই কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে।
(২৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলায় প্রায় ৩০০ থেকে ৩৫০টি মসজিদ রয়েছে। এসব মসজিদের ইমাম ও মুয়াজ্জেমদের অন্তর্ভুক্তির সময় প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, সরকারি প্রজ্ঞাপনে কোনো অর্থ আদায়ের বিষয় উল্লেখ না থাকলেও এভাবে টাকা নেওয়া হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন-এর বেগমগঞ্জ উপজেলা শাখার সচিব মো. ঈসমাইল হোসেনের তত্ত্বাবধানে উপজেলার একলাশপুর বাজারের ‘ইউনিক কম্পিউটার’ প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে।
ইউনিক কম্পিউটারের স্বত্বাধিকারী মো. হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে মো. ঈসমাইল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
এদিকে ভুক্তভোগী ইমাম ও মুয়াজ্জেমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


















