কাশেম বিন আবু জুবায়ের,চৌমুহনী বেগমগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি :
চৌমুহনী ফলমন্ডি বাজারে তরমুজ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে রাস্তা দখল করে ব্যবসা না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে বেগমগঞ্জ ইউএনও জানান, সন্ধ্যা ৭ টা বাজে বাজার এলাকায় তরমুজ ব্যবসায়ীরা রাস্তার দুই পাশ দখল করে রাখায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
এ অবস্থায় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়—রাস্তার একপাশে তরমুজ ও লোড-আনলোডের গাড়ি রাখতে হবে এবং অপর পাশ জনসাধারণ ও যানবাহনের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে।
প্রশাসন আরও জানায়, এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৩৩ ধারায় গণউপদ্রব সৃষ্টির অভিযোগে নিয়মিত মামলা করা হবে।
পাশাপাশি দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


















