আমিনুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টার( দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলায় শাহাপাড়া খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনকালে সংসদ সদস্য মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আন্দোলন ও এক ধরনের বিপ্লব। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বাংলাদেশকে স্বনির্ভর করে তোলাই ছিল তার মূল লক্ষ্য।
রবিবার (৮ মার্চ) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া গ্রামে সরেজমিন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগামী ১৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে একযোগে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এদিন শাহাপাড়া খাল পুনঃখনন প্রকল্পেরও উদ্বোধন করা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আবারও খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন এ ধরনের কার্যক্রম বন্ধ থাকার কারণে দেশের অনেক খাল ও নদী বিলুপ্ত বা দখলের কবলে পড়ে গেছে। এসব খাল ও নদী পুনরুদ্ধার করে পুনরায় সচল করার মাধ্যমে কৃষি ও পরিবেশের উন্নয়ন ঘটানো হবে।
প্রকল্পের আওতায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর দোলা থেকে শাহাপাড়া হয়ে তেলমাখা ব্রিজ পর্যন্ত মোট ১২ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এর ফলে ১২ হাজার হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি সামাজিক বনায়নের অংশ হিসেবে ৬ হাজার ৬৬৯টি বৃক্ষরোপণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি), দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মোখলেদা খাতুন মীমসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


















