আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি এস. এম. আব্দুর রাজ্জাকসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল তুমি কে, আমি কে—রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে—স্বৈরাচার, স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, কোটা না মেধা—মেধা, মেধা আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম, দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা, গোলামী না আজাদী—আজাদী, আজাদী, এই দেশ সেই দেশ—বাংলাদেশ, বাংলাদেশ এবং আবু সাঈদ, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধসহ বিভিন্ন স্লোগান।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম। তিনি বলেন, “২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দিয়ে গেছেন। জুলাই আন্দোলনের শহীদরা দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্তির পথ দেখিয়েছেন।
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষের মতামত উপেক্ষা করে কেউ দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। তাই দ্রুত জনগণের রায়কে গুরুত্ব দেওয়া উচিত।
সমাপনী বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা তারিকুল ইসলাম বলেন, আমরা কারও শত্রু নই। আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচারিক প্রক্রিয়ার রায় দ্রুত কার্যকর করুন।
সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















