কাশেম বিন আবু জুবায়ের, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুরে একটি সেমাই কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
শনিবার (১ মার্চ) অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং জনস্বার্থে এমন কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।


















